৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা আজ শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছেন। তারা সবাই সড়কে অবস্থান নিয়ে লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের এই আন্দোলন আজকের নয়; প্রায় ৩৫ থেকে ৩৮ দিন আগে থেকেই তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনকারীরা জানান, আগেও তারা সড়কে নেমেছিলেন, কিন্তু পুলিশ তাদের ওপর চড়াও হয়ে বেধড়ক লাঠিচার্জ করে। পুলিশের সেই পিটুনিতে প্রায় ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী আহত হন। পুলিশ বাধার কারণে তারা আগের কর্মসূচি পূর্ণভাবে পালন করতে পারেননি বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, আজকের কর্মসূচি হিসেবে তারা প্রথমে শাহবাগ ব্লক করেছেন। তাদের দাবি পূরণ না হলে তারা আগামীতে “যমুনা অভিমুখে” রওনা হবেন এবং এই কর্মসূচিতে প্রায় দশ হাজার শিক্ষার্থী অংশ নেবেন বলেও দাবি তাদের।
আরো পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১০
তবে সবাই মাঠে উপস্থিত না থাকলেও অনলাইনে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। আন্দোলনকারীদের একটাই দাবি—৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা এত অল্প সময়ে অনুষ্ঠিত করা ঠিক নয়। অধিকাংশ পরীক্ষার্থী এখনো যথাযথ প্রস্তুতি নিতে পারেননি, তাই এই সময় তারা পরীক্ষায় বসতে রাজি নন।
শিক্ষার্থীরা আরও জানান, তারা লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়ে কয়েকজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। কিন্তু সংশ্লিষ্টদের কাছ থেকে এখনো কোনো আশ্বাস পাননি।
